জামায়াত, চাঁদাবাজি, সমঝোতা
সড়কপরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত।   ফাইল ছবি

সড়কপরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম–এর ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে ‘কার্যত বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। এ ঘটনায় দলটির পক্ষ থেকে গভীর উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সড়কপরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিয়েছেন। তার এই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অনৈতিক বক্তব্যের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। এটি সমাজ, অর্থনীতি ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে যদি এমন কোনো বার্তা যায় যে অবৈধ অর্থ আদায় বা অনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য— তবে তা রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। এ ধরনের অবস্থান অপরাধীদের উৎসাহিত করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঝুঁকি তৈরি করবে।

বিবৃতিতে বলা হয়, সরকারের দায়িত্ব হলো চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া। কোনো অবস্থাতেই অপরাধকে ‘সমঝোতার’ নামে আড়াল করার সুযোগ নেই।

দলটির পক্ষ থেকে দাবি জানানো হয়, মন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য পরিহার করতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দলটির অবস্থান আপসহীন। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়।

একই সঙ্গে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে দেশবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।