হিলারি ক্লিনটন, এপস্টেইন
হিলারি ক্লিনটন   ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জেফরি এপস্টাইনের সঙ্গে তার পরিবারের অতীত সম্পর্ক নিয়ে আইনপ্রণেতাদের প্রশ্নের মুখোমুখি হন। তিনি দৃঢ়ভাবে জানান যে, প্রয়াত দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী এপস্টাইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তার কাছে কোনো তথ্য ছিল না। একই সঙ্গে তিনি ব্যক্তিগত বা রুদ্ধদ্বার কক্ষে জবানবন্দি নেওয়ার জন্য রিপাবলিকানদের কঠোর সমালোচনা করেন।

হাউস ওভারসাইট কমিটির আইনপ্রণেতাদের সঙ্গে সাড়ে ছয় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর বেরিয়ে এসে হিলারি বলেন, তিনি তার জ্ঞানের ভিত্তিতে "তাদের প্রতিটি প্রশ্নের যথাসাধ্য উত্তর দিয়েছেন।" তিনি জোর দিয়ে বলেন, এপস্টাইনের সঙ্গে তার কখনো দেখা হয়নি বা যোগাযোগ ছিল না। সাংবাদিকদের তিনি বলেন, "আমি জানি না আমাকে কতবার বলতে হবে যে, আমি জেফরি এপস্টাইনকে চিনতাম না।"

হিলারি জানান, তিনি ঘিসলাইন ম্যাক্সওয়েলকে—যিনি এপস্টাইনের অপরাধের সঙ্গে জড়িত থাকায় দণ্ডিত—"সাধারণ পরিচিত" হিসেবে চিনতেন। তিনি বলেন, ২০১০ সালে তার মেয়ে চেলসি ক্লিনটনের বিয়েতে আমন্ত্রিত এক অতিথির সঙ্গে "প্লাস ওয়ান বা অতিথি হিসেবে" ম্যাক্সওয়েল এসেছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী "প্রকাশ্য শুনানি করতে অস্বীকার করায়" জিওপি (রিপাবলিকান পার্টি)-র সমালোচনা করেন। তিনি বলেন, এর ফলে তাকে পরে গণমাধ্যমের কাছে বিস্তারিত বর্ণনা দিতে হচ্ছে।

নিউ ইয়র্কের চ্যাপাকোয়ায়, যেখানে হিলারি ও বিল ক্লিনটন বাস করেন, তার কাছাকাছি স্থানে নেওয়া এই জবানবন্দি এপস্টাইন তদন্তে রিপাবলিকান নেতৃত্বাধীন কমিটির অন্যতম হাই-প্রোফাইল সাক্ষাৎকার। শুরুতে ক্লিনটন দম্পতি একে তাদের বিরুদ্ধে রিপাবলিকান ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে সাক্ষ্য দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু কংগ্রেস অবমাননার দায়ে ফৌজদারি মামলার মুখে পড়ে তারা মত পাল্টান। শুক্রবার বিল ক্লিনটনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

শুরু থেকেই জবানবন্দিটি ছিল তিক্ত ও দলীয় কোন্দলে পূর্ণ। নিজের প্রারম্ভিক বক্তব্যে হিলারি আইনপ্রণেতাদের প্রশ্ন করেন, কেন রিপাবলিকান নেতৃত্বাধীন কমিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ এপস্টাইনের সঙ্গে সম্পর্কযুক্ত অন্যদের জিজ্ঞাসাবাদ করেনি। পরে রক্ষণশীল পডকাস্টার বেনি জনসন চলমান সাক্ষাৎকারের একটি ছবি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করলে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ডেমোক্র্যাটরা দাবি করেন এটি হাউস রুলের লঙ্ঘন। জনসন জানান, ছবিটি রিপাবলিকান প্রতিনিধি লরেন বোয়েবার্ট তাকে দিয়েছেন। বিরতির সময় বোয়েবার্ট সাংবাদিকদের রসিকতা করে বলেন, "তার নীল স্যুটটি আমার ভালো লেগেছে।"

বিরতির সময় ডেমোক্র্যাটরা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জবানবন্দি কক্ষে গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দাবি করেন। অ্যারিজোনার ডেমোক্র্যাট প্রতিনিধি ইয়াসামিন আনসারি বলেন, "আমরা এক অবিশ্বাস্য ও হাস্যকর ক্লাউন শো দেখছি, যেখানে কংগ্রেস সদস্য এবং রিপাবলিকান পার্টি সত্য উদ্ঘাটন বা কাউকে জবাবদিহিতার আওতায় আনার চেয়ে সেক্রেটারি ক্লিনটনের ছবি তোলা নিয়ে বেশি ব্যস্ত।"

হিলারি এই ঘটনাকে "খুবই হতাশাজনক" বলে অভিহিত করেন। জবানবন্দি জনসম্মুখে না হলেও হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার জানান, তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর ভিডিও প্রকাশ করার চেষ্টা করবেন। কেন্টাকির এই রিপাবলিকান নেতা আলোচনাকে "ফলপ্রসূ" বলে উল্লেখ করেন এবং বলেন তিনি "অনেক কিছু জেনেছেন"। তবে তিনি জানান, হিলারি বারবার তার স্বামীর দিকে প্রশ্ন ঠেলে দিয়েছেন এবং ডজনখানেক বার বলেছেন, "আমি জানি না, আপনাকে আমার স্বামীকে জিজ্ঞাসা করতে হবে।"

কোমার বলেন, "আগামীকাল তার স্বামীর জন্য আমাদের অনেক প্রশ্ন আছে।" সিএনএন-এর এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, তিনি নিশ্চিত যে তার স্বামী এপস্টাইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না। তিনি বলেন, "এপস্টাইনের অপরাধমূলক কর্মকাণ্ড সামনে আসার কয়েক বছর আগেই সেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল।"

কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া বলেন, ক্লিনটন "জবানবন্দি ও কমিটির সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন এবং সদিচ্ছার সঙ্গে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন।" তিনি বিস্তারিত জানাতে অস্বীকার করে রিপাবলিকানদের পুরো ভিডিও দ্রুত প্রকাশ করার আহ্বান জানান।

রিপাবলিকানরা দাবি করে আসছেন যে ক্লিনটনদের সাক্ষ্য তাদের তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেন যে বিল বা হিলারি কেউই এপস্টাইনের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে বিস্তারিত প্রশ্নের উত্তর দেননি। কোমার বলেন, "এটি একটি দ্বিদলীয় তদন্ত। আমেরিকান জনগণের অনেক প্রশ্ন আছে। আমার জানামতে, ক্লিনটনরা এপস্টাইন ও ম্যাক্সওয়েলের সঙ্গে তাদের সম্পর্ক বা জ্ঞান নিয়ে খুব কমই উত্তর দিয়েছেন।"

সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি ন্যান্সি মেস জবানবন্দির পর এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ক্লিনটন "প্রতিটি সদস্যের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন।" সূত্রমতে, সাক্ষাৎকারের সময় তিনি হিলারিকে তার স্বামীর বিষয়ে বেশ কিছু প্রশ্ন করেন, যার মধ্যে ছিল—তরুণীরা তাকে ম্যাসাজ করলে সাবেক ফার্স্ট লেডির কেমন লাগত। হিলারি জবাবে বলেন, তিনি উপস্থিত ছিলেন না এমন ঘটনা নিয়ে অনুমান করবেন না এবং তিনি সেখানে অনুভূতি নিয়ে আলোচনা করতে আসেননি।

আইন প্রয়োগকারী সংস্থা কখনো বিল ক্লিনটনের বিরুদ্ধে এপস্টাইন-সংক্রান্ত কোনো অন্যায়ের অভিযোগ আনেনি। তার মুখপাত্র বারবার বলেছেন যে ২০১৯ সালে এপস্টাইন গ্রেফতার হওয়ার আগেই তিনি সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং কোনো অপরাধ সম্পর্কে জানতেন না। সিএনএন-এর পর্যালোচনায় দেখা গেছে, সাবেক প্রেসিডেন্ট অন্তত ১৬ বার এপস্টাইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছেন। বিচার বিভাগের প্রকাশিত এপস্টাইন মামলার ফাইলে তাকে জাঁকুনিতে নারীদের সঙ্গে এবং ম্যাক্সওয়েলের সঙ্গে ছবিতে দেখা গেছে।

বৃহস্পতিবার হিলারির সঙ্গে তার আইনজীবীরা ছিলেন, যারা কোন বিষয়গুলো জিজ্ঞাসাবাদের আওতায় আসবে তা নিয়ে খুঁটিনাটি আলোচনা করেছিলেন। সাবেক প্রেসিডেন্টকে ক্যাপিটল হিলে ডেকে পাঠনোর অসম্মান ও নজির এড়াতে ক্লিনটনদের শহর চ্যাপাকোয়ায় জবানবন্দির স্থান নির্ধারণ করা হয়েছিল, যা ক্লিনটনের আইনজীবী ডেভিড কেন্ডাল ও কোমারের মধ্যে আলোচনার ফল।

সাবেক ফার্স্ট লেডি চ্যাপাকোয়া পারফর্মিং আর্টস সেন্টারের সামনে জড়ো হওয়া সাংবাদিকদের চোখ এড়িয়ে ভেতরে প্রবেশ করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার আইনজীবীদের সঙ্গে তোলা দুটি ছবি ছড়িয়ে পড়লে জবানবন্দি সাময়িকভাবে থমকে যায়। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অভিযোগ করেন যে তাদের রিপাবলিকান সহকর্মীরা নিজেদের নিয়ম ভেঙেছেন।

সিএনএন-কে একটি সূত্র জানিয়েছে, ক্লিনটন দম্পতি ও হাউস ওভারসাইট কমিটি পাঁচটি বিষয়ে জবানবন্দি নিতে সম্মত হয়েছিল। বিষয়গুলো হলো:

এপস্টাইন ও ম্যাক্সওয়েলের বিরুদ্ধে সরকারি তদন্তে অব্যবস্থাপনার অভিযোগ;

২০১৯ সালে এপস্টাইনের মৃত্যুর পরিস্থিতি ও পরবর্তী তদন্ত;

যৌন পাচার চক্র দমনে সরকারের কার্যকর পদক্ষেপ;

এপস্টাইন ও ম্যাক্সওয়েল কীভাবে প্রভাব খাটিয়ে নিজেদের অপরাধ আড়াল করতেন;

এবং নির্বাচিত কর্মকর্তাদের নৈতিকতা লঙ্ঘন।

এপস্টাইনের নির্যাতনের শিকার ব্যক্তি এবং তাদের আইনজীবীরা সিএনএন-কে বলেছেন, ক্লিনটনদের, বিশেষ করে সাবেক প্রেসিডেন্টের সাক্ষ্য দেওয়াটা জরুরি। তারা জোর দিয়ে বলেন, এপস্টাইন ফাইলে নাম থাকা এবং কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা মানেই কোনো অন্যায় করা নয়। হিলারি জানান, শুনানির শেষের দিকে জিওপি আইনপ্রণেতারা ইউএফও (UFO) এবং "পিৎজাগেট" নিয়ে প্রশ্ন করেন। ২০১৬ সালের নির্বাচনের আগে ওয়াশিংটনের একটি পিৎজা শপকে কেন্দ্র করে শিশু পাচার চক্রের ষড়যন্ত্র তত্ত্বটি ছড়িয়েছিল। হিলারি বলেন, এই জিজ্ঞাসাবাদ ছিল "বেশ অস্বাভাবিক।"

সূত্র : সিএনএন

আরটিএনএন/এআই