আমেরিকা, ইরান, ইসরায়েল, যুদ্ধ, হামলা, ইরানের ওপর হামলা,
আমেরিকা ও ইসরায়েলে হামলার কঠোর ভাষায় সমালোচনা করেন মেদভেদেভ।   ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, চলমান কূটনৈতিক আলোচনার আড়ালে এ হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

শনিবার সকালে তেহরানসহ একাধিক শহরে হামলার ঘটনা ঘটে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়।

যুদ্ধ এড়াতে চলতি মাসে ইরান তিন দফা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করেছিল বলে জানা যায়। আগামী সপ্তাহে আরও একটি বৈঠকের কথা ছিল। তবে তার আগেই এই সামরিক হামলা চালানো হয়।

এ পরিস্থিতিতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনাগুলো ছিল যুক্তরাষ্ট্রের ‘প্রতারণামূলক কৌশল’। আলোচনার আড়ালে হামলার প্রস্তুতি চলছিল বলেও অভিযোগ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে মেদভেদেভ বলেন, “শান্তি স্থাপনকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছেন। ইরানের সঙ্গে হওয়া সব আলোচনা ছিল প্রতারণার অংশ। কেউ প্রকৃতপক্ষে আন্তরিক আলোচনায় আগ্রহী ছিল না।”

হামলার ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে কূটনৈতিক মহলে।

সূত্র: রয়টার্স

আরবিএ/আরটিএনএন