ইরান, বাব আল-মান্দেব
বাব আল-মান্দেব প্রণালি।   ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির পর এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সমুদ্রপথ বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির এক উচ্চপদস্থ কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন—যদি ইরানের দ্বীপপুঞ্জ বা মূল ভূখণ্ডে কোনো ধরনের স্থল অভিযান পরিচালনার চেষ্টা করা হয়, অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে শত্রুপক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধি পায়, তাহলে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন করে সংঘাতের ফ্রন্ট খুলতে পারে ইরান।

বাব আল-মান্দেব প্রণালি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও সংকীর্ণ জলপথ, যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এই পথটি সুয়েজ খালের মাধ্যমে ইউরোপ-এশিয়ার বাণিজ্যিক নৌপথের একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রেও এই প্রণালির গুরুত্ব অনেক। মধ্যপ্রাচ্যের সমুদ্র উপকূলবর্তী তেলক্ষেত্র থেকে উৎপাদিত প্রায় ১২ শতাংশ তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়।

যদিও প্রণালিটি ভৌগোলিকভাবে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত, তবুও সেখানে প্রভাব বিস্তার করে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। ফলে প্রণালিতে অবরোধ আরোপের সক্ষমতা ইরানের রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

আইআরজিসির ওই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে হুথি গোষ্ঠীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন করে অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: এএফপি, এনডিটিভি