ভূমিকম্প, জাপান
জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ভূকম্পন অনুভূত হয়েছে।   ছবি: সংগৃহীত

জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। খবর এএফপি।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পন বেশি অনুভূত হয়। দ্বীপটির পূর্ব উপকূলজুড়ে এ কম্পন ছড়িয়ে পড়ে।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে বুধবার (২৫ মার্চ) রাতে জাপানে ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত জাপান-এ প্রায়ই মাঝারি ও হালকা মাত্রার কম্পন অনুভূত হয়। তবে শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় দেশটিতে সবসময় সতর্ক অবস্থানে থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।