রাজস্ব খাতভুক্ত শূন্য পদে,জনবল,নিয়োগ,কারা অধিদপ্তর
রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর।   ছবি: সংগৃহীত

রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর। যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। কারারক্ষী ও মহিলা কারারক্ষী—এই দুই পদে মোট ৪৭২ জনকে নিয়োগ দেওয়া হবে।

এই নিয়োগে কারারক্ষী পদে ৪৫০ জন এবং মহিলা কারারক্ষী পদে ২২ জন নেওয়া হবে। উভয় পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা।

আবেদনকারীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ন্যূনতম শারীরিক যোগ্যতা হিসেবে উচ্চতা কমপক্ষে ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) হতে হবে।

বয়সসীমার ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে, ১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক এবং এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের শর্ত অনুযায়ী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই, দৌড়, পুশ-আপ, লংজাম্প, হাইজাম্প, রোপ ক্লাইম্বিংসহ বিভিন্ন দক্ষতা পরীক্ষা দিতে হবে। এসব ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই লিখিত (MCQ) এবং পরে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ৯ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩০ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায়।

আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা, যা আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থানসহ বিস্তারিত তথ্য যোগ্য প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং একই সঙ্গে কারা অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।