বিরোধীদলীয় নেতা, জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান।   ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ এপ্রিল) এক শোক বিবৃতিতে তিনি জানান, কারখানায় আগুন লেগে ৩ জন নারীসহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের শোক কখনোই পূরণ হওয়ার নয়। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াত আমির এও বলেন, অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও যথাযথ তদারকির অভাবকেই তিনি এ ধরনের প্রাণহানির জন্য দায়ী করেন।

ডা. শফিকুর রহমান অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

বিবৃতিতে তিনি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে অবৈধ কারখানার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: বাসস