হাইপোটেনশন, অর্থোস্ট্যাটিক
অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের রোগীদের মাথা ঘোরে বলে জানা যায়।   প্রতীকী ছবি

বিছানা বা চেয়ার থেকে হঠাৎ উঠে দাঁড়ালে অনেকেরই মাথা ঘোরা, চোখ ঝাপসা বা পা কাঁপার মতো অনুভূতি হয়। চিকিৎসাবিজ্ঞানে এটিকে বলা হয় অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বা পোস্চুরাল হাইপোটেনশন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার পর হঠাৎ উঠে দাঁড়ালে রক্তচাপ কমে যায়। এতে মস্তিষ্কে রক্ত কম পৌঁছায়, মাথা ঘোরা বা অজ্ঞানের মতো অবস্থা হতে পারে। সাধারণত সাময়িক, তবে ঘন ঘন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।”

কেন হয় এই সমস্যা

শুয়ে বা বসে থাকা অবস্থায় রক্ত কিছুটা পা ও পেটে জমা হয়। হঠাৎ দাঁড়ালে রক্ত নিচের দিকে চলে যায়, মস্তিষ্কে রক্ত কম যায়। বয়স বাড়লে, পানিশূন্যতা, কম পানি পান, ভারী খাবার বা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও সমস্যা বাড়াতে পারে।

করণীয়

• ধীরে ধীরে ওঠা: হঠাৎ উঠে না, প্রথমে চেয়ারে কিছু সেকেন্ড বসে থাকুন।
• ভরা পেটে নয়: খাবারের পর হঠাৎ ওঠা এড়িয়ে চলুন।
• পর্যাপ্ত পানি পান: দিনে কমপক্ষে ২–৩ লিটার। লেবুর শরবত, ডাবের পানি বা ওরস্যালাইন সহায়ক।
• হালকা ব্যায়াম: হাঁটা, যোগ বা স্ট্রেচিং রক্ত সঞ্চালন ঠিক রাখে।
• পায়ের পেশি শক্তিশালী করা: বয়স্কদের জন্য বিশেষ উপকারী।

কখন ডাক্তারের পরামর্শ প্রয়োজন

মাথা ঘোরা মাঝে মাঝে স্বাভাবিক, তবে ঘন ঘন হলে, জ্ঞান হারালে, বারবার পড়ে গেলে বা সঙ্গে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন সাধারণত বিপজ্জনক নয়, কিন্তু অবহেলায় পড়ে গিয়ে আঘাত বা হাড় ভাঙার ঝুঁকি থাকে।