ঈদ পুনর্মিলনী
ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জামায়াত নেতা ড. মাসুদ এমপি।   ছবি: আরটিএনএন

বাউফলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জামায়াত নেতা ড. মাসুদ এমপি বলেছেন,  দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবেনা।

রোববার (২২ মার্চ) বাউফল পাবলিক মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না। চুরি, ডাকাতি এবং তেল সিন্ডিকেট কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, “জনগণের সম্পদ লুণ্ঠন কিংবা সিন্ডিকেটের দৌরাত্ম্য কোনোভাবেই সহ্য করা হবে না। বাউফলের মাটিতে জুলুমবাজদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে আমি সবসময় মানুষের পাশে থাকব এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাব।”

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত গান, কবিতা ও অন্যান্য পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতিদের মাঝে মিস্টান্ন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ বাউফল গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট নাজমুল আহসান, শায়েখ জামাল উদ্দীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ আতিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল ফাউন্ডেশনের মহাসচিব অ্যাড.আবুল কাশেম, বাউফল উপজেলা শিবির সভাপতি লিমন হোসেন, আতিক নজরুল সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।