স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ রক্ষা
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।   ছবি: সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে কক্সবাজার সমুদ্র সৈকতকে সম্পূর্ণ স্থাপনামুক্ত রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকা ফেরার আগে তিনি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় সম্প্রতি উচ্ছেদ করা অবৈধ স্থাপনাগুলোর স্থান পরিদর্শন করে পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না। বালিয়াড়ি দখলমুক্ত রাখতে হবে এবং এটি সব ধরনের স্থাপনা থেকে মুক্ত রাখতে হবে।

এর আগে কক্সবাজার সফরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন মন্ত্রী। সেই নির্দেশনার ভিত্তিতে জেলা প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্টের বালিয়াড়ি দখলমুক্ত করা হয়।

পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। এ বিষয়ে মন্ত্রী বলেন, সৈকতের মূল সৌন্দর্য বজায় রাখতে সরকার বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে।