হাইকোর্টে
হাইকোর্ট।   ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে।

রিটে গত ১১ ডিসেম্বর তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে, রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এ দিকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন আজ থেকে শুরু হয়েছে। 

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পর্যায়ক্রমে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ৫ দিনের মধ্যে আপিল করতে পারবে। আপিলের জন্য মূল কাগজপত্রের ১ সেট এবং ছায়ালিপি ৬ সেট মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।