সোনার দাম
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।   ফাইল ছবি

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ মূল্য সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ১৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার একদিনেই তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল। প্রথম দফায় ১ হাজার ৯২৫ টাকা, দ্বিতীয় দফায় ৬ হাজার ৫৯০ টাকা এবং তৃতীয় দফায় ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়। এতে একদিনে ভালো মানের প্রতি ভরি সোনার দাম মোট ১৩ হাজার ৯৩৯ টাকা কমে যায়। দাম কমানোর পরই এবার আবার বাড়ানো হলো।

এর আগে সোমবার বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দামে মঙ্গলবার সকাল ১০টা ২৮ মিনিট পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম কমানো হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।