ভূমিকম্প, ঠাকুরগাঁও
হঠাৎ কম্পন অনুভূত হলে দুই জেলার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।   ছবি: সংগৃহীত

মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ কম্পন অনুভূত হলে দুই জেলার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন, কেউ কেউ নিরাপত্তার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা সাগর, সুমন ও নিরব জানান, কয়েক সেকেন্ডের জন্য তাঁদের ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠে। রাতের নীরবতায় কম্পনটি স্পষ্টভাবে অনুভূত হলেও প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেননি অনেকে। পরে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তাঁরা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত হন। তবে কম্পনের স্থায়িত্ব ছিল অল্প সময়ের।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই একই সময়ে কম্পন অনুভব করার কথা জানিয়ে পোস্ট দেন। কেউ কেউ আতঙ্কের অভিজ্ঞতা শেয়ার করেন, আবার অনেকে বিভিন্ন এলাকায় কম্পনের তীব্রতা নিয়ে মন্তব্য করেন।

ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গীসহ জেলার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। একইভাবে পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের কয়েকটি এলাকাতেও কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।