হাতিরঝিল, পুলিশ
রাতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এডিসি মাহফুজ্জামান সরকার হামলার শিকার হন।   ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে গাড়িতে ঘষা লাগাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতিরঝিল থানার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এডিসি মাহফুজ্জামান সরকার হামলার শিকার হন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি সেতুর ওপর এ ঘটনা ঘটে।

ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই পেশায় ব্যবসায়ী।

সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, মাহফুজ্জামান সরকার প্রাইভেটকারে করে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে এক বন্ধু ছিলেন। হাতিরঝিল প্রকল্পের একটি সেতু পার হওয়ার সময় পাশাপাশি চলা আরেকটি গাড়ির সঙ্গে তাঁর গাড়ির ঘষা লাগে। এরপর ওই গাড়ির আরোহীরা তাঁর গাড়ির গতি রোধ করেন এবং বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ১০ থেকে ১২ জন এসে তাঁর ওপর অতর্কিত হামলা চালান।

হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ঘটনার সময় তাঁরা মদ্যপ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

পুলিশ জানায়, মারধরে আহত এডিসি মাহফুজ্জামান সরকার ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত। তাঁর শরীরে ১৭টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।