পুষ্পস্তবক, ভূমিমন্ত্রী, মিজানুর রহমান, মিনু, ২১ ফেব্রুয়ারি, ভাষা দিবস, শহিদ দিবস,
পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।   ছবি: আরটিএনএন

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ২১ ফেব্রুয়ারির (শনিবার) প্রথম প্রহরে নগরীর সোনাদিঘির পাড়ে এক একর জমির ওপর গড়ে তোলা নতুন শহিদ মিনার উদ্বোধন করেন। উদ্বোধনের সময়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

এর আগে মিনু শহিদ মিনার চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও রাতে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি ভারত ও বাংলাদেশের মানুষ লালন, ধারণ ও পালন করে আসছে। দুই দেশের মধ্যকার এই সম্পর্ক অকৃত্রিম ভালোবাসার বন্ধন, যা আগামীতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারিভাবে ‘একুশ: জাতীয় জাগরণের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ যোহর ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সময়ে মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগরীর সড়কদ্বীপ ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়েছে।