আইনমন্ত্রী, ঝিনাইদহ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।   ছবি: সংগৃহীত

সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী সংসদের প্রথম অধিবেশনেই বিল আকারে পেশ করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান শহীদদের আত্মা কষ্ট পাবে এমন কোনো কর্মকাণ্ড এই সরকার মেনে নেবে না। তিনি আরও জানিয়েছেন, গণঅভ্যুত্থান চলাকালীন অপরাধে যুক্তদের শাস্তি নিশ্চিত করা হবে এবং ফ্যাসিস্ট ও গণহত্যায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।

আইনমন্ত্রী স্পষ্ট করেন, ধর্ষণ ও শিশু হত্যা মামলায় জড়িতদের আশ্রয়দাতা বা সহযোগী কাউকেই ছাড় দেওয়া হবে না। নরসিংদী ও ঝিনাইদহের শিশু তাবাসসুম হত্যা মামলাকেও সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিচার করা হবে।

দুর্নীতি প্রতিরোধে মন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত হন, তবে তাদের চাকরি তোলা ছাড়াও দুদকের মাধ্যমে মামলা দায়ের করা হবে। সরকারি বরাদ্দের প্রতিটি টাকার হিসাব কঠোরভাবে তদারকি করা হবে, আর অনিয়ম ও কমিশন বাণিজ্যে জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিল করা হবে।

আসাদুজ্জামান বলেন, ঝিনাইদহে চাঁদাবাজি, হুমকি-ধামকি, রাজনৈতিক দলাদলি বা মাদকসহ যে কোনো অপরাধে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জনগণ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে দুর্নীতি, সন্ত্রাস ও অন্য অনিয়ম নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।