জাতীয়, আইনমন্ত্রী, আসাদুজ্জামান, মো আসাদুজ্জামান, আইন, প্রয়োগ, খেলা, ক্রিকেট, আন্তর্জাতিক, সরকার,
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন সাংবাদিকদের সাথে কথা বলেন।   ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “আমরা আইনকে তার গতিতেই প্রয়োগ করব। কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন বা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন, তাহলে আমরা আইনের কঠোর প্রয়োগের দিকে যাব।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শৈলকূপা ও ঝিনাইদহের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আইনমন্ত্রী বলেন, “শৈলকূপায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আজকের পর থেকে শৈলকূপার কোথাও কেউ যদি মাদক ব্যবসা করে, তাহলে প্রশাসনকে জানাবেন। প্রশাসন পদক্ষেপ না নিলে আমাকে একটি এসএমএস করবেন। আমরা শৈলকূপা থেকে মাদকের বিষদাঁত ভেঙে দিতে চাই।”

তিনি আরও বলেন, “সরকারি দপ্তরে গিয়ে যদি কেউ সেবা না পান, তাহলে আমাদের জানাবেন। বিএনপির নেতাকর্মীদের বলব, আপনারা সরকারি অফিসের হয়রানির খবর আমার কাছে পৌঁছে দেবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানুষের সেবা দিতে বাধ্য। যদি কোনো কর্মকর্তা বাড়তি কিছু দাবি করেন, সেটিও আমাকে জানাবেন। সরকারি কর্মকর্তাদের বলব, বেতনের টাকায় আপনাদের না পোষালে চাকরি ছেড়ে দিন, তবু দুর্নীতি করবেন না।”

মন্ত্রী বলেন, “শৈলকূপায় সার নিয়ে একটি বদনাম আছে। তবে আগামীতে সারের কোনো কালোবাজারি থাকবে না। কঠোরভাবে সার কালোবাজারিদের দমন করা হবে।”

শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমি মিথুনসহ অন্যরা।

আরবিএ/আরটিএনএন