বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ করবে ডিএনসিসি
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ করবে ডিএনসিসি।   ছবি: সংগৃহীত

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেই আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্পের কাজ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দ্রুত শুরু করতে চায় বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, প্রকল্পের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও কেবল পরিবেশগত ছাড়পত্রের অপেক্ষায় কাজ আটকে আছে।

মঙ্গলবার (৩ মার্চ) আমিনবাজার ল্যান্ডফিল ও ডিএনসিসির বর্জ্য ডিসপোজাল এরিয়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

প্রশাসক বলেন, ‘আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলব। চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে আমাদের।’

ল্যান্ডফিল এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুল ইসলাম খান জানান, সেখানে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার ফলে মাঝে মাঝেই আগুন ও ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় ডিএনসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।