সরকারী ছুটি, ঈদের ছুটি, সরকার, ঘোষণা, ছুটি, ঈদুল ফিতর, জাতীয়,
ফাইল ছবি।   ছবি: আরটিএনএন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ঈদের আগে অতিরিক্ত এক দিনের ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ ছুটি ঘোষণার সম্ভাবনা রয়েছে। এতে ১৬ মার্চ অফিস করার পর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদ ছুটি শুরু হতে পারে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ সাধারণ ছুটি নির্ধারিত আছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবেকদর উপলক্ষে ছুটি থাকবে। ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে সরকারি কর্মচারীদের শেষ কর্মদিবস হবে ১৬ মার্চ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ১৮ মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব ইতোমধ্যে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রস্তাব পাস হলে ১৬ মার্চ অফিস শেষে শুরু হবে ঈদের ছুটি।

সে ক্ষেত্রে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকবে। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি রয়েছে।

পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় ঈদের পরও টানা তিন দিনের ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের।