ঝড়ের আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তর
১৫ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।   ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

সোমবার (১৬ মার্চ) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। এতে বলা হয়, দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বজ্রসহ বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।