বাহরাইন থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইট।
বাহরাইন থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইট।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। ফ্লাইটটি পরিচালিত হবে বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ার-এর মাধ্যমে।

রোববার (১৫ মার্চ) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিশেষ ফ্লাইটটি বাহরাইন থেকে প্রথমে সৌদি আরবের দাম্মাম হয়ে সেখান থেকে সরাসরি ঢাকা যাবে।

যারা দেশে ফেরার আগ্রহী, তারা দূতাবাসের ফেইসবুক পেজে দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে পারবেন। ফ্লাইটে আসন বরাদ্দ “আগে আসলে আগে পাবেন” নীতিতে সম্পন্ন হবে এবং আসন সংরক্ষণ সম্পূর্ণভাবে গাল্ফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।

প্রতি আসনের ভাড়া ধরা হয়েছে আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার। এই ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির খরচ।

দূতাবাস জানিয়েছে, যাত্রার সম্ভাব্য তারিখ হতে পারে ২০ মার্চ অথবা এর কাছাকাছি কোনো দিন। আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।