খিলগাঁও, দোকান
খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।   ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) আরটিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচতলায় দোকানটি অবস্থিত। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে দোকান মালিকপক্ষ বিষয়টি পুলিশকে জানিয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে তদন্ত শেষে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কোনো সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরে বিস্তারিত জানানো হবে।