শিক্ষামন্ত্রী, এহছানুল হক মিলন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন শিক্ষামন্ত্রী।   ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে সেবার গতি ও মান বাড়াতে প্রশাসনের ভেতরে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কার্যকর কর্মপরিবেশ গড়ে তুলতে হলে প্রশাসনের ভেতরে অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি কাজে খোলামেলা আলোচনা, পারস্পরিক সহযোগিতা এবং সঠিক সমন্বয়ের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। এর মাধ্যমে শিক্ষা খাতে সেবার মান ও গতি দুটিই বাড়ানো যাবে।

শিক্ষকদের প্রশাসনিক বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষকদের যেন অপ্রয়োজনীয়ভাবে অফিসে দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়। তাদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়গুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত নিষ্পত্তি করতে হবে।

বদলি প্রক্রিয়ায় তদবির বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যার ব্যবহারের নির্দেশনা দেন মন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালু করা গেলে বদলি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

এ ছাড়া সেবাপ্রদান প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে প্রশাসনিক কার্যক্রমে অটোমেশন ও ডিজিটাল পদ্ধতি চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। ভবিষ্যতে এমন একটি ব্যবস্থা চালুর কথা উল্লেখ করেন, যেখানে সেবাপ্রার্থীরা সহজেই তাদের সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা বা ডেস্কের তথ্য জানতে পারবেন। পাশাপাশি অনলাইন সেবার পরিধি আরও বাড়ানোর কথাও বলেন তিনি।

সভায় কর্মকর্তারা অনলাইন সিস্টেম ও সফটওয়্যার ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। এ বিষয়ে দ্রুত সমাধান করে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।