ঈদুল ফিতর, টিকিট বিক্রি
ঈদযাত্রার সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে।   ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (৮ মার্চ) বিক্রি হচ্ছে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। এর আগে গত ৩ মার্চ থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রার সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে, যাতে যাত্রীরা সহজে ও নিরাপদে টিকিট সংগ্রহ করতে পারেন।

রেলওয়ের সূচি অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য, দেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ উদযাপিত হতে পারে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে ইতোমধ্যে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রাজধানীসহ বিভিন্ন শহরে কর্মরত মানুষ।