প্রেস সচিব
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।   ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে, সেই গণতন্ত্রের লড়াই এখনও শেষ হয়নি। গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রোববার (৮ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। তবে গণতন্ত্রকে সুসংহত করতে এখনও নতুন ধরনের লড়াই চলমান রয়েছে।

গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, কিছু সংবাদমাধ্যমে নেতিবাচক ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হচ্ছে। 

কোনো সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রচারমাধ্যমে যা প্রকাশিত হয়, মানুষ সেটিকেই সত্য বলে ধরে নেয়। তাই দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করা জরুরি। 

তিনি অতীতের আন্দোলনের সময়ের নানা বাধা ও চাপের কথাও স্মরণ করেন। সে সময় রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা, নেতাকর্মীদের ওপর হুমকি এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিশেষ করে রমজানের পর এসব ষড়যন্ত্র আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় উত্তরাঞ্চল ছাত্র ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা আক্তার রিমির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম, ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব মোস্তাকিম বিল্লাহ ও প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেনসহ সাবেক ও বর্তমান ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।