শিক্ষামন্ত্রী, হাসনাত
হাসনাতের প্রশ্নের জবাবে সংসদে উত্তর দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।   ছবি: সংগৃহীত

দেশের স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল হবে কিনা বা মেধা যাচাই ফেরানো হবে কিনা—চূড়ান্ত সিদ্ধান্ত ২০২৭ সালে আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রাইমারি স্কুলে ভর্তি প্রক্রিয়া পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে মন্ত্রীকে প্রশ্ন করেন।

মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় গ্রামীণ ও শহুরে দুই ধরনের পরিস্থিতি রয়েছে। গ্রামীণ এলাকায় প্রি-প্রাইমারি স্কুলে ছাত্রসংখ্যা কম, তাই ভর্তি সমস্যা তেমন নেই। তবে ঢাকা ও বড় শহরগুলিতে প্রাথমিক স্তরে ভর্তিতে সমস্যা রয়েছে। এর সমাধানে পূর্ববর্তী সরকার লটারি সিস্টেম চালু করেছিল। কিন্তু কতটা যুক্তিসংগত তা প্রশ্নবিদ্ধ। আগামী বছরে অভিভাবক ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে জনমত নিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভে ভাষণ দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনকে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত করা হয়।

নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সামনে শপথ গ্রহণ করেন। নতুন স্পিকার শোকপ্রস্তাব উপস্থাপন করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয়।