দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।   ছবি: সংগৃহীত

দেশের জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা বাড়াতে আজ সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছাবেন। এরপর সড়কপথে দিনাজপুরের উদ্দেশে রওনা দেবেন। সকাল ৯টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে -এ অবতরণ করার কথা রয়েছে।

দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী ৫৩টি খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে-এ যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে গত শুক্রবার সাহাপাড়া-বলরামপুর খাল পরিদর্শন শেষে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী  এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা পাওয়া যাবে এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে।