খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বিদ্যুৎকর্মীর মৃত্যু।
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বিদ্যুৎকর্মীর মৃত্যু।   ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের তিন কর্মীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাঁরা সবাই বিদ্যুৎ বিভাগের কর্মী।

পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলেন রাজীব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও ফরিদ জামান ওরফে কালু মিয়া (৬৪)।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)–এর একটি দল খাঁপাড়া মন্দিরের পাশে কাজ করছিল। বিকেলে তারা ক্রেন দিয়ে বিদ্যুতের তারের একটি বড় রোল ওপরে তোলার চেষ্টা করছিল।

এ সময় পাশের একটি বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে রোলের তার লেগে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং একজনকে এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট অন্য দুজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, নিহত রাজীব হোসেনের বাড়ি বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি এলাকায়। তাঁর বাবার নাম মোনায়েম হোসেন। রাজ্জাক মিয়ার বাড়ি একই উপজেলার বাসুকি এলাকায়। তাঁর বাবার নাম চাঁন মিয়া। ফরিদ জামানের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়। তাঁর বাবার নাম আবদুস ছালাম।