ঈদুল ফিতর
জাতীয় ঈদগাহ পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক।   ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময়ের পরিবর্তন করা হতে পারে।

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। গরমের বিষয়টি বিবেচনায় রেখে ঈদগাহের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা থাকবে।

মুসল্লিদের সুবিধার জন্য পর্যাপ্ত ওযুখানা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এতে রাজধানীবাসীর জন্য এটি আনন্দের বিষয় হবে।

নগরবাসী যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঈদগাহে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে মুসল্লিদের নির্দেশনা মেনে চলার অনুরোধ করে তিনি বলেন, ঈদগাহে প্রবেশের সময় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন কোনো বস্তু সঙ্গে না আনতে।

জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।