অনলাইনে টিকিট পেতে কিছুটা জটিলতা থাকলেও এবারের ঈদযাত্রায় রেলপথে বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। সময়মতো ট্রেন ছাড়ায় রাজধানী থেকে স্বস্তির সঙ্গে ঘরে ফিরছেন ঘরমুখো মানুষ।
সোমবার (১৬ মার্চ) সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের ভিড়ে স্টেশন এলাকা সরগরম। তবে ভিড় নিয়ন্ত্রণে স্টেশনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট যাচাই ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ কারণ ছাড়া টিকিটবিহীন ব্যক্তিদের ভেতরে ঢুকতে দিচ্ছে না রেল কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী ফয়সাল মাহমুদ জানান, অনলাইনে টিকিট কেটে যাত্রা শুরু করেছেন। তার মতে, এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি।
চট্টগ্রামগামী যাত্রী কামাল হোসেন বলেন, অনলাইনে টিকিট কাটতে কিছুটা বেগ পেতে হয়েছে। এসি কোচের টিকিট না পেলেও পরে শোভন চেয়ারের টিকিট পেয়েছেন। তবে সামগ্রিকভাবে এবারের যাত্রা স্বস্তির বলেই মনে করছেন তিনি।
আরাফাত নামে এক বেসরকারি চাকরিজীবী উপবন এক্সপ্রেস–এর টিকিট কেটে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন। তিনি বলেন, অনলাইনে টিকিট কাটতে পারায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। স্টেশনেও তেমন বিশৃঙ্খলা চোখে পড়ছে না, তাই নির্বিঘ্নে যাত্রা শুরু করতে পারছি।
অতিরিক্ত চাহিদা ও ওয়েবসাইটে চাপের কারণে অনেকেই অনলাইনে টিকিট কাটতে পারেননি। তবে তাদের জন্য স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে।
রাজশাহীগামী যাত্রী নাজমুল হক বলেন, অনলাইনে কয়েকবার চেষ্টা করেও টিকিট কাটতে পারেননি। পরে স্টেশনে এসে স্ট্যান্ডিং টিকিট কিনেছেন। তিনি জানান, বাড়ি যাওয়ার জন্য এই ব্যবস্থাই ভরসা হয়ে দাঁড়িয়েছে।
স্টেশন সূত্রে জানা গেছে, বাইরে স্ট্যান্ডিং টিকিট না পাওয়া গেলে প্ল্যাটফর্মের ভেতর থেকেও জরিমানাসহ টিকিট নেওয়ার সুযোগ রয়েছে। তবে কর্তৃপক্ষ যাত্রীদের আগেভাগেই স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করার পরামর্শ দিচ্ছে।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, সোমবার দুপুর পর্যন্ত ২০ জোড়া ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় আধা ঘণ্টা বিলম্বে ছেড়েছে, তবে অন্য সব ট্রেন নির্ধারিত সময়েই যাত্রা শুরু করেছে। যাত্রীদের স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!