সড়ক দুর্ঘটনা, মাদ্রাসাছাত্র
নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়।   ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাজিফ (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত হয়েছেন আরও চারজন। যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়লে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিফ জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম বর্তমানে তারাকান্দি থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। ঈদ উপলক্ষে তার স্ত্রী ও সন্তানরা ময়মনসিংহ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে জামালপুরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

দুপুর পৌনে ১২টার দিকে নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিফ মারা যায়।

দুর্ঘটনায় নাজিফের মা সুমি আক্তার (৩৭), ভাই নাহিদ (৮), বোন নওশিন (১৫) এবং অটোরিকশা চালক গুরুতর আহত হন। আহতদের মধ্যে সুমি আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে। অন্যদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।