আইনমন্ত্রী, বিএনপি
কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী।   ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে এর আলোকে পথ চলবে। তিনি বলেন, আমরা কোনো আবেগের জায়গায় নেই; ইমোশন ও আইন—দুটিকে সমন্বয় করেই আমরা সামনে এগিয়ে যাব।

সোমবার (১৬ মার্চ) কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর এলাকায় প্রায় ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

আইনমন্ত্রী বলেন, যারা জুলাই সনদ পড়েছেন তারা দেখবেন সেখানে উল্লেখ রয়েছে—সংবিধান সংশোধনের মাধ্যমে এই সনদের বিষয়গুলো কার্যকর করা হবে। সংবিধান সংশোধনের যে সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে, আমরা সেই পথেই এগোব।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধন শেষে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও বিল খনন করা হবে। পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। যারা খাল-বিল ও জমি দখল করে রেখেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রাব্বিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।