জাতীয়, ঈদ, ঈদুল ফিতর, ঈদের বাজার, ঈদের মার্কেট,
রাজধানীর মৌচাক মার্কেট, গাউছিয়া মার্কেট ও নিউ মার্কেটে ঈদের বাজারের ভিড়।   ছবি: আরটিএনএন

ঈদ সামনে রেখে রাজধানীর মার্কেটগুলোতে এখন উপচে পড়া ভিড়। বিশেষ করে যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ফিরবেন, তারা বাড়ি যাওয়ার আগে শেষ মুহূর্তের কেনাকাটা সারতে ভিড় করছেন মার্কেটগুলোতে। পরিবার-স্বজনদের জন্য পোশাক ও উপহার কিনতেই বেশি ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।

সোমবার (১৬ মার্চ) সরেজমিনে রাজধানীর মৌচাক মার্কেট, গাউছিয়া মার্কেট ও নিউ মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মৌচাক মার্কেটে বিকেল থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। দোকানগুলোতে নারী, তরুণ-তরুণী ও পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে দেখা যায় অনেককে। কেউ কিনছেন নিজের জন্য, আবার অনেকেই গ্রামের বাড়িতে থাকা বাবা-মা, ভাই-বোন কিংবা স্বজনদের জন্য পোশাক ও উপহার কিনছেন।

কেনাকাটা করতে আসা ক্রেতা সাব্বির আহমেদ বলেন, “আগামীকালই গ্রামের বাড়িতে চলে যাব ঈদের জন্য। কিছু রোজা তাদের সঙ্গেও করার জন্যই দুই দিন আগে ছুটি নিয়েছি। তাই আজ এসে শেষ কেনাকাটা করছি। মা-বাবা আর ছোট ভাইবোনদের জন্য কিছু পোশাক কিনছি। ঈদের সময় সবাইকে নতুন কিছু দিতে পারলে ভালো লাগে।”

আরেক ক্রেতা তাসনিম আক্তার বলেন, “নিজের জন্য তো কিনলামই, কিন্তু গ্রামের বাড়িতে গেলে ছোট ভাইবোনরা অপেক্ষা করে থাকে। তাই তাদের জন্যও কিছু পোশাক আর ছোটখাটো উপহার নিচ্ছি। ঈদের আনন্দটাই তখন অন্যরকম লাগে।”

অন্যদিকে গাউছিয়া মার্কেটেও দেখা গেছে একই চিত্র। তুলনামূলক কম দামে পোশাক পাওয়া যায় বলে অনেকেই শেষ সময়ে এখানে ভিড় করছেন। দোকানগুলোতে ক্রেতাদের দরদাম করতেও দেখা যায়।

গাউছিয়ার এক পোশাক বিক্রেতা মো. কাউছার বলেন, “ঈদের আগে শেষ কয়েক দিনই ক্রেতা বেশি থাকে। বিশেষ করে যারা বাড়ি যাবে তারা শেষ সময়ে এসে পরিবারের সবার জন্য কেনাকাটা করে। গত দুই দিন ধরে দোকানে অনেক ভিড়।”

নিউ মার্কেট ঘুরেও দেখা গেছে জমজমাট বেচাকেনা। মার্কেটের ভেতরের দোকানের পাশাপাশি বাইরের ফুটপাতের দোকানেও ছিল ব্যাপক ভিড়। শিশুদের পোশাক, জুতা ও বিভিন্ন অ্যাকসেসরিজের দোকানে ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে।

মৌচাকের জুতার দোকানদার সাইফুল ইসলাম বলেন, “ঈদের আগে এই সময়টাতে বিক্রি ভালো হয়। তাই শেষ সময়েও বিক্রি বেশ ভালো।”

মার্কেটে বাড়তি ভিড়ের কারণে অনেক জায়গায় চলাচলে কিছুটা ভোগান্তি থাকলেও তাতে যেন ক্রেতাদের উৎসাহে ভাটা পড়েনি। পরিবার-স্বজনদের মুখে হাসি ফোটাতে শেষ মুহূর্তের এই কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা।

ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড়। প্রিয়জনদের জন্য নতুন কিছু নিয়ে বাড়ি ফেরার আনন্দেই শেষ মুহূর্তের কেনাকাটায় মেতে উঠেছেন নগরবাসী।