পুলিশ সার্জেন্ট ও এসআই
পুলিশ সার্জেন্ট ও এসআই   ছবি: সংগৃহীত

‘দলীয় বিবেচনায়’ বাতিলকৃত ১২৩ পুলিশ সার্জেন্ট ও ২০৭ এসআইকে শর্তসাপেক্ষে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিলকৃত ১২৩ পুলিশ সার্জেন্ট ও ২০৭ এসআইকে শর্তসাপেক্ষে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

উপসচিব ফরিদা খানমের সই করা ওই নির্দেশনায় বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের (নিরস্ত্র) ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিলকৃত নিয়োগ আদেশ প্রত্যাহারপূর্বক ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) নিম্নলিখিত শর্তে সরকারি চাকরিতে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ক) ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হলে আবেদনকারীরা স্বাভাবিক নিয়মে যে তারিখে সরকারি চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকে তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা (আর্থিক সুবিধা ব্যতীত) নির্ধারণ।

খ) আবেদনকারীদের মৌলিক প্রশিক্ষণকাল ৬ মাসসহ শিক্ষানবিশকাল সর্বমোট দুই বছর নির্ধারণ।

গ) লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত বিধি-বিধান অনুসরণপূর্বক পরবর্তীতে বিবেচ্য ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ।

ঘ) এ আদেশে নিয়োগকৃত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ছাড়াও একই ব্যাচের জন্য কোনো প্রার্থী কর্তৃক ভবিষ্যতে চাকরি ফেরত পাওয়ার আবেদন পাওয়া গেলে, একই প্রক্রিয়া অনুসরণপূর্বক (গঠিত কমিটি কর্তৃক প্রার্থীর বৈধতা যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা সাপেক্ষে) সরকারি চাকরিতে নিয়োগ প্রদান।

এই অবস্থায় ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের (বর্তমানে আবেদনকৃত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন নিরস্ত্র সাব-ইন্সপেক্টর) যথাযথ আইন ও বিধিবিধান অনুসরণপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।