চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাটবোয়ালিয়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে জনতার ক্ষোভের মুখে এক পুলিশ সদস্য লাঞ্ছিত হন। এ ঘটনায় জড়িত এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হাটবোয়ালিয়া বাজারের ‘পলাশ অটোমোবাইলস’-এর মালিক আশিকুর রহমান পান্না তাঁর মিনি পাম্পে পেট্রোল বিক্রি শুরু করেন। অভিযোগ ওঠে, সরকার নির্ধারিত প্রতি লিটার ১২৫ টাকার পরিবর্তে তিনি ১৪৯ টাকা দরে পেট্রোল বিক্রি করছিলেন।
এ ছাড়া তেলের তীব্র চাহিদাকে পুঁজি করে প্রতিটি মোটরসাইকেলে বাধ্যতামূলক ২০০ টাকার তেল দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত দামের খবর দ্রুত ছড়িয়ে পড়লে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার শুরু হলে শত শত মোটরসাইকেল আরোহী সেখানে ভিড় করেন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। ভিড় নিয়ন্ত্রণ ও পরিস্থিতি শান্ত করার সময় উত্তেজিত জনতার মধ্য থেকে এক যুবক এক পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে পুলিশ ওই যুবককে আটক করে।
আটক যুবকের নাম ইসরাফ (২৫)। তিনি নগর বোয়ালিয়া গ্রামের মৃত উসমান আলীর ছেলে। রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে প্রতি লিটার ১৩০ টাকা দরে তেল বিক্রি হতে দেখেছেন। তবে কয়েকজন ক্রেতা ১৪৯ টাকা দরে তেল কেনার প্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছেন। ভোক্তার সঙ্গে এ ধরনের প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানান তিনি।
ঘটনার গুরুত্ব বিবেচনায় রাত ১টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশ সদস্যকে লাঞ্ছিত করা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক যুবক ইসরাফকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে অভিযুক্ত তেল ব্যবসায়ীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!