আইজিপি, ডিএমপি
গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন আইজিপি।   ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার আগে রাজধানীর অন্যতম প্রধান প্রবেশ ও বহির্গমন পথ গাবতলী বাস টার্মিনালে তাদের পরিদর্শন কার্যক্রম শুরু হয়। এ সময় তারা যাত্রীদের নিরাপত্তা, টিকিট বিক্রি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় আইজিপি যাত্রীদের জানান, ঈদের ছুটিতে বাড়ি যাওয়া মানুষের কাছ থেকে যদি কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া নেয়, তবে তা সরাসরি জানাতে হবে। প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে ডিএমপি।

আইজিপি আরও বলেন, ঈদকে ঘিরে দেশে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। মহাসড়কে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। 

তিনি টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

ডিএমপি কমিশনার মো. সরওয়ারও পরিদর্শনে উপস্থিত ছিলেন এবং নিশ্চিত করেন যে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হচ্ছে।

আইজিপি ও ডিএমপি কমিশনারের এই পরিদর্শন রাজধানীতে ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পরিচালনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।