তারেক রহমান, বিএনপি, প্রধানমন্ত্রী
মুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তারেক রহমান।   ছবি: আরটিএনএন

দলমত–নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার। ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদ্‌যাপন করতে পেরে প্রধানমন্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে মানুষের ঢল নামে।

এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ওই জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।