ড. ইউনূস, যমুনা, ঈদুল ফিতর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যমুনাতে আসেন ড. মুহাম্মদ ইউনূস।   ছবি: আরটিএনএন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুর ১২টার দিকে এ সাক্ষাতে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ড. জোবায়দা রহমান, কন্যা জাইমা রহমান এবং ভাই প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সাক্ষাতে তারা একে অপরের খোঁজ-খবর নেন, সাময়িক আড্ডায় মেতে ওঠেন এবং একসঙ্গে ছবি তোলেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ-এ ঈদের নামাজ আদায় শেষে যমুনায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী। পরে সকাল সোয়া ৯টা থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য প্রধান ফটক খুলে দেওয়া হয়।

এ সময় রাজনীতিবিদ, কূটনীতিক, সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে যমুনা প্রাঙ্গণে এক মিলনমেলার সৃষ্টি হয়। এতে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূসও।

প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। দেশের সরকার প্রধানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার সঙ্গে সেলফি তোলেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে আমন্ত্রিত হয়েও অনেকে ভেতরে প্রবেশ করতে পারেননি।

নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা শুধু কার্ডধারীদের প্রবেশের সুযোগ দেন। প্রধান ফটকের সামনে পাঁচটি সারিতে দীর্ঘ লাইন সৃষ্টি হয়ে তা কাকরাইল ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত বিস্তৃত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ বিএনপির সিনিয়র নেতারা। অতিথিদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়।