ঈদুল ফিতর, মন্ত্রী-এমপি
৪৩ এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ঈদ কাটছে কেরাীনগঞ্জের বিশেষ কারাগারে।   ছবি: সংগৃহীত

দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে বিভিন্ন মামলায় কারাবন্দি থাকা ১৭৮ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও আমলা এবারের ঈদ কাটাচ্ছেন কারাগারে।

শনিবার (২১ মার্চ) কারা অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব বন্দি দেশের বিভিন্ন কারাগারে রয়েছেন। এর মধ্যে গাজীপুর, কেরানীগঞ্জ, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ ও দিনাজপুর-এর কারাগারগুলোতে তাদের রাখা হয়েছে।

কারা সূত্র জানায়, বন্দিদের মধ্যে ৪৩ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন। বাকিরা বিভিন্ন পর্যায়ের আমলা। তাদের মধ্যে অধিকাংশই ডিভিশন সুবিধা পেয়েছেন, যদিও একজন সাবেক এমপি ডিভিশন পাননি বলে জানা গেছে।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত উল ফরহাদ জানান, ডিভিশনপ্রাপ্ত বন্দিরা বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ঈদের বিশেষ খাবার পাবেন। বিভিন্ন কারাগারে তাদের অবস্থান ভিন্ন হলেও অনেককে কেরানীগঞ্জ ও গাজীপুরে রাখা হয়েছে। সাংবাদিকদের রাখা হয়েছে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে।

কারা সূত্র আরও জানায়, সাবেক মহিলা এমপি হেনরী সিরাজগঞ্জ কারাগার-এ রয়েছেন। অন্যদিকে ‘ছাগলকাণ্ড’ হিসেবে আলোচিত ঘটনায় গ্রেফতার এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান আছেন নারায়ণগঞ্জ কারাগার-এ।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ সরকার পতন ২০২৪-এর পর গ্রেপ্তার হওয়া ৪৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্তমানে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে রয়েছেন। এদের মধ্যে মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, মেয়র এবং পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।

ঈদের দিন বন্দিদের স্বজনরা সাক্ষাৎ করতে পারবেন, তবে বাসা থেকে আনা খাবার খাওয়ানো যাবে না। ঈদের দ্বিতীয় দিন নির্ধারিত নিয়ম মেনে খাবার সরবরাহ করা যাবে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকালের নাস্তায় থাকবে মুড়ি, সেমাই বা পায়েস; দুপুরে গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয় ও সালাদ; আর রাতে থাকবে ভাত, রুই মাছ ও আলুর দম। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের সুযোগ এবং স্বজনদের সঙ্গে পাঁচ মিনিট ফোনে কথা বলার ব্যবস্থাও রাখা হয়েছে।