জামায়াতের আমীর,জাতীয় বিপ্লবী পরিষদ,বৈঠক
বিরোধী দলীয় নেতার সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের বৈঠক হয়েছে।   ছবি: আরটিএনএন

বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ মাগরিব রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকের শেষ পর্যায়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত হয়ে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

জামায়াত আমীরের কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসানের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য হাফেজ বায়েজিদ বোস্তামী ও সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে ডা. শফিকুর রহমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি জাতি গঠনে ইসলামের ভূমিকা এবং বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক প্রভাবের বিষয়েও কথা বলেন। একই সঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর ঐক্য ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান দেশের রাষ্ট্রীয় কাঠামো ও জাতি গঠনের ক্ষেত্রে ইসলামকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন। তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমানকে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের আহ্বান জানান এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

জবাবে জামায়াত আমীর জাতীয় বিপ্লবী পরিষদের নেতাদের স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, জাতীয় বিপ্লবী পরিষদ দেশের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে সংলাপের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে যাচ্ছে।