ডিএমপি
ঢাকা মহানগর পুলিশ।   ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে তিন লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি।

ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, কোতয়ালী ট্রাফিক জোনের নর্থ সাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠান ও একজনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগ যাত্রাবাড়ী জোনের জুরাইন ও শ্যামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এতে রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান উচ্ছেদ করা হয় এবং ১১ জন ব্যবসায়ীকে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক রমনা বিভাগ নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায়। এতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ৫২টি ভিডিও মামলা ও ১৫টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে ট্রাফিক মিরপুর বিভাগের শাহআলী এলাকায় ১৭টি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক মতিঝিল বিভাগ মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার এবং বিভিন্ন দোকান থেকে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া ট্রাফিক তেজগাঁও বিভাগ আগারগাঁও এলাকায় ৬টি দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। ট্রাফিক গুলশান বিভাগ মহাখালী ও গুলশান-২ এলাকায় ৪টি দোকানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

ট্রাফিক উত্তরা বিভাগ ফুটপাত দখলের দায়ে ৫ জনকে গ্রেফতার এবং আরও ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।