মাছের ড্রামে লুকানো ইয়াবা, শীলখালীতে আটক ২।
মাছের ড্রামে লুকানো ইয়াবা, শীলখালীতে আটক ২।   ছবি: আরটিএনএন

কক্সবাজারের শীলখালীতে মাছ বোঝাই একটি মিনি পিকআপে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় মাছের ড্রামের ভেতরে স্কচ টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ২০টি পোটলা থেকে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানকালে পিকআপের চালক মো. ফিরোজ (৩৫) ও হেলপার মো. ফয়সাল (২০)-কে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা টেকনাফের লামা বাজার এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রগুলোকে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার অঞ্চলের রামু সেক্টরের অধীনে দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।