৬০–৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা।
৬০–৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা।   ছবি: সংগৃহীত

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এছাড়া দুপুর ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে একই ধরনের অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মূলত উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এই ঝোড়ো আবহাওয়া সৃষ্টি হয়েছে, যা আগামী কয়েক ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ সকালে জানান, শুধু রাজধানী নয়, দেশের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। আর আজ সকাল থেকেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হচ্ছে। এ অঞ্চলে বৃষ্টি হতে পারে দিনের বিভিন্ন সময়। এসব জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে।

গেল ১২ ঘণ্টায় চুয়ডাঙ্গায় ৪৬ মিলিমিটার, যশোরে ২৭, নিলফামারীর ডিমলায় ৩১ এবং গোপালগঞ্জে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক  বলেন, ঢাকার আকাশে মেঘের একটি সেল আছে। দুপুর ১২টার পর আবারও আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। আংশিক মেঘলা থাকতে পারে রাজধানীর বিভিন্ন এলাকা।

আবহাওয়া অফিস জানায়, গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।