বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার, পাইলট-ক্রুসহ সবার তথ্য তলব, সোনা, স্বর্ণ, উদ্ধার, বিমান, বাংলাদেশ, বিমান, তথ্য তলব, ক্রুদের তথ্য তলব, যাত্রীদের তথ্য তলব,
বিমানের টয়লেট থেকে ১৮ কেজি সোনা উদ্ধার করা হয়।   ছবি: সংগৃহীত

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটের শৌচাগার থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় তদন্ত জোরদার করেছে পুলিশ। চোরাচালান চক্র শনাক্তে ওই ফ্লাইটের পাইলট, কেবিন ক্রু, টেকনিক্যাল স্টাফ, ক্লিনিং কর্মীসহ সব যাত্রীর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

এছাড়া বিমানের অভ্যন্তরের সিসিটিভি ফুটেজ এবং বোর্ডিং ব্রিজ ও রানওয়ে এলাকার ভিডিও সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সি-০২ বোর্ডিং ব্রিজে অবস্থানের পর তল্লাশি চালিয়ে বিমানের টয়লেট থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।

ঘটনার পর কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুম বলেন, “এটি একটি গুরুতর ঘটনা। এত পরিমাণ স্বর্ণ কীভাবে বিমানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত—তা উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।”

তিনি জানান, তদন্তের অংশ হিসেবে বিমান কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে সংশ্লিষ্ট সকলের তথ্য চাওয়া হয়েছে। তবে এখনো পূর্ণাঙ্গ তথ্য ও ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।

সূত্র জানায়, চিঠিতে পাইলট ও কেবিন ক্রুদের পরিচয়, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও বায়োডাটা চাওয়া হয়েছে। পাশাপাশি এয়ারক্রাফটের টেকনিক্যাল কর্মী, হেলপার ও ক্লিনিং স্টাফদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। যাত্রীদের তালিকা, পাসপোর্ট নম্বর এবং ভ্রমণসংক্রান্ত তথ্যও যাচাই করছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় সব তথ্য হাতে পেলে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করা সহজ হবে।

আরবিএ/আরটিএনএন