শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত হতে পারে আজ।
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত হতে পারে আজ।   ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলার প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ।

গেল রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, মন্ত্রিপরিষদের আজকের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে, কারণ কিছু ক্ষেত্রে আরও আলোচনা প্রয়োজন।

পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত আলাদা নির্দেশনা জারি করতে শুরু করেছে। তবে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা বিশেষভাবে লক্ষ্য রাখা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের পরিকল্পনা করা হয়েছে। এক দিন পরপর অনলাইন ও অফলাইন ক্লাস চলবে। অনলাইন ক্লাসের সময়ও শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান করতে হবে। বিশেষ করে ব্যবহারিক ক্লাসগুলো সশরীরে সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।