শেরপুর-৩ আসনে ভোট বর্জন করল জামায়াত
জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদুর রহমান।   ছবি: আরটিএনএন

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন শেরপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহিদ আনোয়ার।

তিনি বলেন, এই উপনির্বাচনে চরম অনিয়ম করা হচ্ছে। সব কেন্দ্রেই কম বেশি কারচুপির আশ্রয় নেয়া হয়েছে। তাই আমরা ভোট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। 

এ বিষয়ে শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, বিভিন্ন অনিয়ম ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।

এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে নির্বাচন শুরুর পর প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানা গেছে।