প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।   ছবি: আরটিএনএন

প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের এই সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সংসদীয় গণতন্ত্রের চর্চা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং শিক্ষা ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন।

দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও দৃঢ় করতে নিয়মিত প্রতিনিধিদল বিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগির ওপরও তারা ঐকমত্য পোষণ করেন।