পরিবর্তন করা হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি
চলতি মাসের ১৭ তারিখ থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের সবকটি ম্যাচ ছিল দিবারাত্রির।   ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে চলতি মাসের ১৭ তারিখ থেকে। শুরুতে সিরিজের সব ম্যাচ দিবারাত্রির (ডে-নাইট) ভিত্তিতে আয়োজনের পরিকল্পনা থাকলেও, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে সিরিজের সময় পরিবর্তনের ইঙ্গিত দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন করে ওয়ানডে ম্যাচ সকাল ১১টা অথবা সাড়ে ১১টায়, এবং টি-টোয়েন্টি ম্যাচ বেলা ২টা অথবা আড়াইটায় আয়োজন করা হতে পারে।’

যদিও প্রথমদিকে কিছুটা অনিশ্চয়তা ছিল, তবে আজ বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে ওয়ানডে সিরিজের সব ম্যাচ শুরু হবে সকাল ১১টা থেকে। ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও দিনের আলোতেই আয়োজন করা হবে এবং সেগুলো শুরু হবে দুপুর ২টা থেকে।

বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।