আগামীকাল থেকে শুরু হচ্ছে স্কুল ক্রিকেটের ১১তম আসর।
আগামীকাল থেকে শুরু হচ্ছে স্কুল ক্রিকেটের ১১তম আসর।   ছবি: বিসিবি

আগামীকাল  থেকে মাঠে গড়াচ্ছে স্কুল ক্রিকেটের ১১তম আসর। এবারের টুর্নামেন্টে দেশের ৬৪ জেলার ৩৫০টি স্কুলের সাড়ে আট হাজারের বেশি খুদে ক্রিকেটার অংশ নেবে। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৬৫১টি।

প্রথম ধাপে শুরু হবে জেলা পর্যায়ের খেলা। পরে পর্যায়ক্রমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ম্যাচ আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া সেন্টারে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়।

বিসিবির অনুরোধে এবার সেরা ক্রিকেটারদের জন্য বৃত্তির সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ২৫টি করা হয়েছে। পাশাপাশি স্কলারশিপের পরিমাণ বছরে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

২০১৫ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩,৫০৭টি স্কুল এবং ৭৬,২৩৫ জনের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে, যা দেশের স্কুল পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ. চৌধুরী জানান, গত এক দশক ধরে তারা এই আয়োজনের সঙ্গে যুক্ত এবং এখান থেকে উঠে আসা অনেক ক্রিকেটার এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন।

অনুষ্ঠানে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ক্রিকেটার তাওহীদ হৃদয়।