বিসিবি নতুন অ্যাডহক কমিটিতে যুক্ত হয়ে নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন  নান্নু ও আতহার ।
বিসিবি নতুন অ্যাডহক কমিটিতে যুক্ত হয়ে নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন নান্নু ও আতহার ।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটিতে যুক্ত হয়ে নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান। দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে বিভিন্ন ভূমিকায় যুক্ত থাকলেও এবার বোর্ড পরিচালনার দায়িত্বে তাদের নতুন করে নিজেদের প্রমাণের সুযোগ তৈরি হয়েছে।

একসময় জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে পরিচিত মিনহাজুল আবেদীন নান্নু অবসরের পর কোচিং ও প্রশাসনিক দায়িত্বে যুক্ত হন। ২০০৫ সালে বিসিবিতে যোগ দিয়ে তিনি অনূর্ধ্ব–১৯ দলের ব্যাটিং কোচসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে কাজ করেছেন। অন্যদিকে আতহার আলী খান বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত ধারাভাষ্যকার হলেও খেলোয়াড় হিসেবে বাংলাদেশের হয়ে ১৯টি একদিনের ম্যাচ খেলেছেন এবং পরবর্তীতে নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালে নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দেওয়ার পর মিনহাজুল বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রোগ্রাম সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। এবার অ্যাডহক কমিটির সদস্য হিসেবে ফিরে এসে তিনি আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। তার ভাষ্য, দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবার সঙ্গে সমন্বয় করে এমন কিছু করতে চান, যার ইতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে থাকবে।

তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া এই অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তার নেতৃত্বে কমিটিতে সাবেক ক্রিকেটার হিসেবে আছেন মূলত মিনহাজুল ও আতহারই। কমিটি গঠনের সময় আতহার পাকিস্তানে অবস্থান করছিলেন এবং সেখান থেকেই অনলাইনে বোর্ড সভায় যোগ দেন।

এখন ধারাভাষ্যকার হিসেবে পরিচিত হলেও জাতীয় দলের হয়ে ১৯ ওয়ানডেতে তিন ফিফটি করা আতহার একসময় বিসিবিতে নির্বাচক ছিলেন। ২০০৪ সালে প্রথমে ফারুক আহমেদের নেতৃত্বে নির্বাচক প্যানেলের সদস্য নির্বাচিত হন। পরে ২০১৬–১৭ সালে আতহারকে মেয়েদের নির্বাচক করা হয়। সেই দায়িত্ব ছাড়ার পর থেকেই আতহার সব মনোযোগ দেন ধারাভাষ্যে। দেশ বিদেশের নানান টুর্নামেন্টে তাকে পাওয়া যায় কমেন্ট্রীবক্সে। 

ক্রিকেট মাঠ থেকে প্রশাসনিক দায়িত্বে আসা এই দুই অভিজ্ঞ ব্যক্তিত্ব নতুন ভূমিকায় কতটা সফল হবেন, সেটিই এখন দেখার বিষয়।